মধুপুরের জনপ্রিয় পরিবহন "আলোকিত বাস" ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশন–এর বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী আলোকিত বাসটি বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সড়কের সঙ্গে ঘর্ষণ খেতে থাকে। এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই বাসে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে।
মতামত দিন